ফোর্বস ম্যাগাজিনের জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ৫০ টি স্থান নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন ভ্রমন বিশেষজ্ঞ লরা বেগলি ব্লুম। ২০১৯ সালে বিগ সেভেন ট্রাভেল ওয়েবসাইট অবলম্বনে ব্লুমের লিখিত এই প্রতিবেদনটি অসংখ্য ভ্রমনপিয়াসী মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভ্রমন মানে শুধু কতগুলো ফোটো তোলাতুলি নয় এরকম মনে করা লোকেদের অনেকেই ব্লুমের তালিকা দেখে নিজ-নিজ বাজেট মোতাবেক বছর ভ্রমন তালিকা প্রস্তুত করেন। ব্লুমের উল্লেখিত স্থানগুলোর উপরে অনলাইন অনুসন্ধান চালিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে জীবনজয়ী টিম। মোট ১১ টি পর্বে এই প্রতিবেদনটি প্রকাশিত হবে।
৪১। লিসবন, পর্তুগাল
পর্তুগালের রাজধানী লিসবন। পাথরে বাঁধানো রাস্তা, নির্মল জলরাশি এবং কাছাকাছি আটলান্টিকের সৈকত লিসবনকে একটি স্বতন্ত্র শহর হিসেবে পরিচিত করেছে। লিসবনের পাহাড়ি রাস্তায় লুকিয়ে আছে ইতিহাস ও আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। এখানকার জেরোনিমোস মঠ এবং বেলেম টাওয়ারের মতো ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো পর্তুগালের সমৃদ্ধ নৌ-ইতিহাসের সাক্ষ্য বহন করে। লিসবন শহরটি তাগুস নদীর মোহনায় অবস্থিত। নদীটি আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে।
লিসবনের কাছে ক্যাসকাইস ও এস্টোরিলের মতো জনপ্রিয় সমুদ্রসৈকত রয়েছে, যেখানে পর্যটকেরা আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে পারেন। লিসবনের স্থাপত্যশৈলীর একটি অনন্য বৈশিষ্ট্য হলো আজুলেজো টাইলস। এসব টাইলসে পর্তুগালের সংস্কৃতি, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, পৌরাণিক কাহিনি এবং দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। লিসবনের পাহাড়ি অঞ্চলের সরু রাস্তায় চলাচলের জন্য ট্রাম খুবই জনপ্রিয় একটি মাধ্যম। এর কাঠের কারুকাজ ও ধীরগতি পর্যটকদের দেয় এক নস্টালজিক ভ্রমণ-অভিজ্ঞতা। এ ছাড়া লিসবন তার সুস্বাদু সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। পাস্তেল দে নাতা নামের ঐতিহ্যবাহী পেস্ট্রিও এখানে খুব জনপ্রিয়।
৪২। হ্যানয়, ভিয়েতনাম
হ্যানয়কে বলা যায় ভিয়েতনামের প্রাণকেন্দ্র। এখানে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য মিশেল দেখা যায়। পুরোনো ফরাসি স্থাপত্য ও প্রাচীন মন্দিরের দেখা মেলে এই শহরে। এ ছাড়া শহরের রাস্তার খাবারের দোকানগুলোও বেশ জমজমাট। চালের নুডলস, মাংস ও নানা রকম ভেষজ উপাদান দিয়ে তৈরি ‘ফো’ এবং মাংস, তাজা সবজি ও আচার দিয়ে তৈরি ‘বান মি’ হ্যানয়ের বিখ্যাত খাবার।
এশীয় ঐতিহ্যের ছোঁয়ায় শহরটি পর্যটকদের কাছে যেন এক জীবন্ত ক্যানভাস। এখানকার সরু গলির প্রতিটি মোড়ে টের পাওয়া যায় প্রাণচাঞ্চল্য। হ্যানয় থেকে দূরে নয় হালং বে-এর স্বপ্নময় জলরাশি। আর সাপার মনোমুগ্ধকর পাহাড়ি প্রকৃতি যেন এক স্বর্গরাজ্য। বন্ধুত্বপূর্ণ মানুষ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার কারণে ভিয়েতনামের হ্যানয় হতে পারে একটি আদর্শ ভ্রমণগন্তব্য।
৪৩। হাওয়াই, যুক্তরাষ্ট্র
হাওয়াইয়ের সৌন্দর্য স্বর্গের সঙ্গে তুলনীয়! ওআহুর উজ্জ্বল শহুরে জীবনের প্রাণচাঞ্চল্য, মাউইয়ের রোমান্টিক পরিবেশ, অবিস্মরণীয় সূর্যাস্ত এবং হাম্পব্যাক তিমির দেখা পাওয়ার অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে। লানাই দ্বীপের ‘গার্ডেন অব দ্য গডস’-এর রহস্যময় লাভা পাথর বেশ বিখ্যাত। হাইকিং ও অ্যাডভেঞ্চারের জন্যও দ্বীপটি চমৎকার একটি জায়গা। এ ছাড়া মোলোকাইয়ের মনকাড়া সৌন্দর্য ভ্রমণকারীদের জন্য হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা।
রঙিন ক্যানিয়ন, গর্জনশীল জলপ্রপাত আর ‘পলিহালি বিচ’-এর স্ফটিকস্বচ্ছ জলরাশি এখানে প্রকৃতির অপার সৌন্দর্য ফুটিয়ে তোলে। ঐতিহ্যবাহী খাবার তাজা মাছ দিয়ে তৈরি ‘পোকি’র স্বাদও অনন্য! হাওয়াইয়ের সৌন্দর্য একবার উপভোগ করলে এর প্রতি টান হৃদয়ে চিরদিনের জন্য স্থায়ী হয়ে যাবে!
৪৪। ইবিজা, স্পেন
আপনি যদি কোনো প্রাচীন শহরে বসে সমুদ্রের তীরের সূর্যাস্ত উপভোগ করতে চান, তাহলে স্পেনের এই দ্বীপটি হতে পারে আপনার পছন্দের জায়গা। এ ছাড়া দ্বীপটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ এর ঝলমলে ক্লাবগুলো ও রাতের জীবন। ক্লাবগুলোতে মানুষ নাচ ও গানের মাধ্যমে জীবন উপভোগ করে। ভূমধ্যসাগরের এই দ্বীপটি স্পেনের ‘পার্টি ক্যাপিটাল’ বা ‘প্রমোদ রাজধানী’ নামেও পরিচিত। দিনের বেলাটা সমুদ্রসৈকতে কাটিয়ে রাতের সময়টা উপভোগ করতে পারেন আলোঝলমলে ক্লাবগুলোতে। এসবের পাশাপাশি এখানকার প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও ইবিজা ক্যাসেল ঘুরে আসতেও ভুলবেন না যেন!
৪৫। বেইজিং, চীন
বেইজিং চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী। এই শহরেই রয়েছে ‘নিষিদ্ধ শহর’, ‘গ্রেট ওয়াল’ বা ‘মহাপ্রাচীর’ এবং ‘টেম্পল অব হেভেন’ বা ‘স্বর্গের মন্দির’-এর মতো ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের ছয়টি স্থাপনা। মহাপ্রাচীরের ওপর থেকে সূর্যাস্ত দেখা কিংবা পড়ন্ত সূর্যের আলোয় বেইজিং নগরী দেখা আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হতে পারে!
কিংবা ধরুন, রঙিন স্থাপত্যের ‘স্বর্গের মন্দির’ দেখা, সাইকেলে চড়ে বেইজিং শহরের অলিগলি ঘুরে বেড়ানো, রাস্তার পাশের দোকানগুলোতে ‘পেকিং ডাক’সহ অন্যান্য খাবারের স্বাদ নেওয়া—এসবই করতে পারেন বেইজিংয়ে থাকার সময়।